বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধে প্রায় এক ঘণ্টা অচল থাকার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এবং বাঘের বাজারের নতুন বাজার এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে মহাসড়কে অবস্থান নেন। দুই স্থানে একযোগে অবরোধ শুরু হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তবে শ্রমিকেরা সড়ক থেকে সরে না গিয়ে বিক্ষোভ চালিয়ে যান। একপর্যায়ে বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে সরে যান। পরে সকাল সোয়া ১০টার দিকে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন।