টানা এক মাসের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সড়ক অবরোধের পর গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিন হলেও জেলার প্রায় ১০ শতাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে। সকাল থেকেই এসব কারখানায় শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজ করতে দেখা গেছে। শিল্পাঞ্চলে চলমান অস্থিরতার মধ্যে শুক্রবার সকাল থেকে কোথাও নতুন করে বিক্ষোভ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চালু থাকা কারখানাগুলোতে শ্রমিকেরা নির্বিঘ্নে কাজ করছেন। তাঁদের ভাষ্য, তাঁরা কোনো ধরনের ভাঙচুর বা সড়ক অবরোধ চান না। শান্তিপূর্ণ পরিবেশে কাজ করে জীবিকা নির্বাহ করতে চান। কারখানা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে মোট কলকারখানার সংখ্যা ৫ হাজার ২০০টি। এর মধ্যে নিবন্ধিত পোশাক কারখানা রয়েছে ২ হাজার ৭১টি। নিয়মিত উৎপাদনে রয়েছে এমন পোশাক কারখানার সংখ্যা প্রায় ১ হাজার ৫০০টি। এসব কারখানার মধ্যে ৯০০টি শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। অন্যদিকে, চলমান শ্রমিক অসন্তোষের জেরে জেলার ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শিল্প পুলিশ সূত্র জানায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানাগুলো বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব কারখানাও দ্রুত উৎপাদনে ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শুক্রবার জেলার মোট কারখানার প্রায় ১০ শতাংশ চালু রয়েছে। সকাল থেকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্যান্য দিনের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।