জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তিনি যোগ দেন। এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে তার আনুষ্ঠানিক ও ব্যস্ততম সফরসূচির সূচনা হলো।
অধিবেশনের মূল পর্বে অংশগ্রহণের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক আয়োজিত একটি বিশেষ প্রাতরাশ সভায় (ওয়েলকাম ব্রেকফাস্ট) যোগদান করেন। স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্বনেতারা তাদের সহধর্মিনীদের নিয়ে উপস্থিত ছিলেন এবং জাতিসংঘ মহাসচিব ও তার স্ত্রীর সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।
প্রাতরাশ পর্ব শেষে সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের হলরুমে আয়োজিত ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে উপস্থিত হন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এই আয়োজনে অংশ নিয়েছেন। সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটি হবে তার প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন। নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রীর বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার নীতিনির্ধারকদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।