সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে এসেছে সরকার। ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝে থাকা কর্মদিবসটিতেও বিশেষ ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশের ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সরকারি সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এরপরের দিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও সরকার ওই দিনটিতে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার পরিকল্পনা করেছে। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের একটি দীর্ঘ ছুটি পাওয়া যাবে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরের ছুটি সংক্রান্ত প্রস্তাবটি উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরপরই এই বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
তবে এই ছুটির বিপরীতে একটি শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। ওই কর্মকর্তা আরও জানান, ২২ অক্টোবরের ছুটির সমন্বয় করার লক্ষ্যে পরবর্তী যেকোনো একটি শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে। এই শর্তসহ প্রস্তাবটি অনুমোদনের জন্য সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে।