মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে পদ্মা সেতু সংলগ্ন এক্সপ্রেসওয়ের সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুর এলাকায় বলে জানা গেছে।
শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা থেকে ঢাকাগামী ‘প্রচেষ্টা পরিবহন’-এর একটি বাসে যাত্রী হিসেবে ছিলেন সাত্তার হাওলাদার। বাসের সামনের অংশে ইঞ্জিন কভারের ওপর বসেছিলেন তিনি।
এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকা অতিক্রম করে সীমানা এলাকায় পৌঁছালে চালক হঠাৎ জোরে ব্রেক করেন। এতে ভারসাম্য হারিয়ে খোলা দরজা দিয়ে মহাসড়কে ছিটকে পড়েন সাত্তার হাওলাদার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি চলন্ত অবস্থায় হঠাৎ জোরে ব্রেক করায় ওই যাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।