1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বর্ণাঢ্য উদ্বোধনীর মধ্য দিয়ে মেক্সিকোতে পর্দা উঠলো বিশ্বকাপ ফুটবলের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বৃহস্পতিবার বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজক মেক্সিকোর প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। ৮০ হাজার ৮২৪ সমর্থকের উপস্থিতিতে মেক্সিকো ২-০ গোলে জয়ী হয়ে বিশ্বকাপের শুভ সূচনা করেছে।

এই উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে ৪৮ দল নিয়ে প্রায় ছয় সপ্তাহব্যাপী বিশাল টুর্নামেন্টের যাত্রা শুরু হলো।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত এবারের আসর বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট। আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে ফাইনালের মাধ্যমে এর সমাপ্তি হবে। আয়োজকদের ধারণা, টুর্নামেন্টটি থেকে রেকর্ড ১৩ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আসতে পারে।

খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে আলোয় ঝলমল করে ওঠে এস্তাদিও আজটেকা। নৃত্যশিল্পীরা বিশ্বকাপ ট্রফির একটি বিশাল প্রতিরূপকে ঘিরে নৃত্য পরিবেশন করেন, আর আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে ঐতিহাসিক স্টেডিয়ামটি। এই স্টেডিয়ামেই ১৯৭০ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। এবারের টুর্নামেন্ট উপলক্ষে এটি সংস্কার করা হয়েছে।

অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল কলম্বিয়ান তারকা শাকিরা ও নাইজেরিয়ান গায়ক বার্না বয় টুর্নামেন্টের অফিসিয়াল গান “ডাই, ডাই” পরিবেশন, যা দর্শকদেও দারুন মুগ্ধ করেছে।

অন্যান্য পরিবেশনার মধ্যে ছিল জে বালভিন ওইতালিয়ান আন্দ্রে বোকেল্লির পারফরফমেন্স। তাদের পরিবেশনার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের উন্মাদনাও ক্রমশ বাড়তে থাকে।

৪০ বছর বয়সী সমর্থক ইনগ্রিড ওরোজকো বার্তা সংস্থা এএফপিকে বলেন, “মেক্সিকোতে ইতোমধ্যেই উৎসব শুরু হয়ে গেছে।”

১৯ বছর বয়সী গুস্তাভো রামিরেস বলেন, “এটা অসাধারণ।”

স্থানীয় সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় ফ্যান জোনটি “পূর্ণ হয়ে গেছে” এবং সমর্থকদের অন্য প্লাজাগুলোতে যাওয়ার পরামর্শ দেয়া হয়।

তবে স্টেডিয়ামের বাইরে কিছুটা বিশৃঙ্খলাও দেখা যায়। মেক্সিকো সিটির কেন্দ্রে অবস্থিত অফিসিযয়ল ফ্যান জোনে প্রবেশের চেষ্টা করতে গিয়ে সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

মাঠের খেলা শুরু হওয়া সম্ভবত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার জন্য স্বস্তির বিষয়, কারণ টিকিটের অত্যধিক মূল্য নিয়ে সংস্থাটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

বুধবার মেক্সিকো সিটিতে বক্তব্য দিতে গিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো টুর্নামেন্ট আয়োজনের পক্ষে জোরালো সাফাই দেন এবং ভিসা-সংক্রান্ত সমালোচনাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দেন।

এবারের বিশ্বকাপে স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ডকে শিরোপার প্রধান দাবিদার হিসেবে ধরা হচ্ছে। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের ৩৮ বছর বয়সী সুপারস্টার লিওনেল মেসির নেতৃত্বে আবারও ফাইনালে ওঠার আশা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun