সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রেসিডেন্ট সীমান্ত হত্যা, চোরাচালান, মাদকপাচার ও পুশ-ইন রোধে বিজিবিকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন।
সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। বিশেষ করে সীমান্তে নজরদারি বাড়াতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের যে উদ্যোগ বিজিবি নিয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত রক্ষায় আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় প্রেসিডেন্টের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।