সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এখন সবখানেই রাজত্ব করছে নতুন এক ট্রেন্ডিং ডায়ালগ—‘কী রাগ করলা’। ক্যাপশন, কমেন্ট কিংবা ইনবক্স, নেটিজেনদের মিম তৈরির প্রতিযোগিতায় এখন শীর্ষস্থানে রয়েছে এই সংলাপটি। সাধারণ মানুষের পর এবার এই ভাইরাল ট্রেন্ডে গা ভাসালেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানও। সুপারস্টারের এই ডায়ালগ ব্যবহারে সোশ্যাল মিডিয়ায় শোরগোল আরও বেড়ে গেছে। সম্প্রতি শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এই ডায়ালগটি নিয়ে একটি মজার মিম শেয়ার করা হয়। সেখানে শাকিব খানের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “রকস্টারের নেক্সট কনটেন্টের অপেক্ষায় আছে সবাই; কথাটা ঠিক না বেঠিক?” শাকিব খানের বহুল প্রতীক্ষিত ‘তুফান’ বা নতুন কোনো সিনেমার প্রচারণার অংশ হিসেবে এই ট্রেন্ডকে বেছে নেওয়া হয়েছে বলে ধারণা করছেন ভক্তরা। গত রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে মূলত এই সংলাপটির জন্ম। ভিডিওতে দেখা যায়, শহরের এক ব্যস্ত রাস্তায় কাঁধে ঝোলা নিয়ে এক গণক এক যুবকের ভাগ্য বদলানোর উপায় বলে দিচ্ছেন। যুবকের জীবনের নানা ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি প্রতিটি বাক্যের শেষেই বেশ আত্মবিশ্বাসের সাথে গণক প্রশ্ন করছেন, “রাগ করলা?”
ভিডিওটিতে ওই গণকের কথা বলার বিশেষ ভঙ্গি এবং মানুষকে প্রভাবিত করার অদ্ভুত প্রবণতা দেখেই হাস্যরসে মেতে ওঠেন নেটিজেনরা। এরপর থেকেই সংলাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তা ট্রেন্ডে রূপ নেয়। বর্তমানে স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবে সংলাপটি দেদারসে শেয়ার করছেন ব্যবহারকারীরা। কেউ কেউ এই গণকের কথা বলার ধরনকে নিজের অফিসের ‘বস’-এর সঙ্গে তুলনা করছেন, আবার কেউ নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের স্বভাবের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন তার মধ্যে। সাধারণ নেটিজেনদের এই বিনোদনে এবার এসকে ফিল্মসের মাধ্যমে শাকিব খানের নাম যুক্ত হওয়ায় ট্রেন্ডটি আরও নতুন মাত্রা পেল।