1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

‘ইত্যাদি’র শুটিং স্পট থেকে শতাধিক মোবাইল চুরির অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং স্পট থেকে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২০ মে) সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, রামনগর হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা বলছেন, অনুষ্ঠানস্থলে প্রবেশের ক্ষেত্রে পাসের ব্যবস্থা ছিল। আয়োজক কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে ওই অনুষ্ঠানে প্রবেশের সময় পাস হাতে থাকা নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী দর্শকদের ঠেলাঠেলি করে প্রবেশ করতে হয়েছে। বিশৃঙ্খল এই পরিস্থিতিতে সাংবাদিকসহ অন্তত শতাধিক ব্যক্তির মুঠোফোন চুরি হয়। এ সময় আহত হয় বেশ কয়েকজন। নিরাপত্তার দায়িত্বে থাকা বিপুলসংখ্যক পু্লিশ সদস্যও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন।

জানা গেছে, তিন হাজার অতিথির জন্য আসন বরাদ্দ করা হলেও আরও কয়েক হাজার ব্যক্তি অনুষ্ঠানে অনধিকার প্রবেশ করেন। 

পুলিশি বাঁধা উপেক্ষা করে, দেয়াল টপকে তারা ভিতরে প্রবেশ করেন। এ সময় ধাক্কাধাক্কির সুযোগে একটি চক্র প্রবেশ ফটক থেকেই হাতিয়ে নেয় ইনডিপেনডেন্ট টেলিভিশন, দীপ্ত টিঁভি, ইভিনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক, প্রতিদিনের সংবাদের সাংবাদিক সহ অন্ততঃ ৭ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রায় শতাধিক মুঠোফোন। 

পরে চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে শতশত পাসধারী দর্শকঅতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

অনুষ্ঠান স্থলে উপস্থিত ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, অনুষ্ঠানে প্রবেশের জন‍্য প্রধান ফটক দিয়ে ঢোকার সময় প্রশাসনের অব‍্যবস্থাপনার কারণে হট্টগোল দেখা দেয়। 

এসময় আমিসহ অন‍্যান‍্য সাংবাদিকরা ভিতরে প্রবেশ করার পর দেখি আমার মোবাইলটি নেই। তা‍ৎক্ষণিক গেইটে অবস্থান রত পুলিশকে চুরির ঘটনা জানানো হয়। জানানোর পর পুলিশের সাথে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকাবস্থায় ৬জন সাংবাদিক, ১জন জেলা প্রশাসনের কর্মচারি সহ অন্তত ৪০/৪৫ জন মোবাইল চুরির ঘটনা পুলিশকে অবহিত করে। তবে পুলিশ নীরব ভূমিকায় ছিল। প্রবেশ গেইটে এত হট্টগোল হচ্ছে দেখেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

জানতে চাইলে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, ইত্যাদি অনুষ্ঠান উপভোগের জন্য জেলা, জেলার বাইরে থেকে হাজার হাজার দর্শক এসেছেন, পাশাপাশি হয়তো অনেক চোরও এসেছে। অনুষ্ঠানে বেশকিছু দর্শকের মুঠোফোন মিসিং হয়েছে জেনেছি। থানায় রিপোর্ট করলে তাদের মুঠোফোন উদ্ধারের চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun