আবারও ফোর্বসের শীর্ষ উপার্জনকারী ক্রীড়া অ্যাথলেট হয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে টানা চতুর্থ এবং সবমিলিয়ে ষষ্ঠবার ক্রীড়াবিদদের মধ্যে আয়ের শীর্ষে অবস্থান করছেন সিআরসেভেন। ২০২৫ সালে ৩০০ মিলিয়ন ডলার (৩৬৮৮ কোটি টাকারও বেশি) আয় করেছেন রোনালদো। মাঠে আয় ২২৫ মিলিয়ন এবং মাঠের বাইরে ৬৫ মিলিয়ন ডলার করেছেন এই ফুটবলার। এই তালিকার দুইয়ে আছেন মেক্সিকোর বক্সার কানেলো আলভারেজ। ৩৫ বছর বয়সী আলভারেজ ২০২৫ সালে মোট ১৭০ মিলিয়ন ডলার (২০৯০ কোটি টাকার বেশি) আয় করেছেন। এর মধ্যে মাঠে ১৬০ মিলিয়ন এবং বাহ্যিক কার্যক্রমে ১০ মিলিয়ন ডলার আয় করেন মেক্সিকোর এই বক্সার। অন্যদিকে, রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আছেন তালিকার ক্রীড়াঙ্গনের শীর্ষ আয়ের তালিকায় তিনে। গত এক বছরে মেসির আয় ১৪০ মিলিয়ন ডলার (১৭২১ কোটি টাকার বেশি)। এর মধ্যে তিনি ৭০ মিলিয়ন মাঠের পারফরম্যান্স এবং বাকি ৭০ মিলিয়ন ডলার মাঠের বাইরের নানা কার্যক্রমে পকেটে পুরলেন।
ক্রীড়া অ্যাথলেটদের ভেতর এরপর শীর্ষ উপার্জনকারী ব্যক্তিদের মাঝে ১০-এর ভেতর আছেন– যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস (১৩৭.৮ মিলিয়ন ডলার), জাপানের বেসবল খেলোয়াড় শোহেই ওহতানি (১২৭.৬ মিলিয়ন ডলার), যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা স্টিফেন কুরি (১২৪.৭ মিলিয়ন ডলার), স্পেনের গলফার জন রাম (১০৭ মিলিয়ন ডলার), ফ্রান্সের সাবেক ও আল হিলালের তারকা করিম বেনজেমা (১০৪ মিলিয়ন ডলার), যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট (১০৩.৮ মিলিয়ন ডলার) এবং যুক্তরাজ্যের অটো-রেসিং তারকা লুইস হ্যামিল্টন (১০০ মিলিয়ন ডলার)।