মেক্সিকো সিটির কাছে মাটি খুঁড়ে পাওয়া মৃতদেহগুলো গত মাসে নিখোঁজ দুই মার্কিন নাগরিকের কি না, তা মেক্সিকোর কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। শুক্রবার দেশটির এক বিচার বিভাগীয় সূত্র এ তথ্য জানিয়েছে।
মেক্সিকো সিটির বাইরে একটি বনাঞ্চলের মধ্যে থাকা গোপন কবর থেকে দেহাবশেষগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এগুলো জাফার পাদামসি মাওয়ানি এবং গুইয়েলমো জাফেট হিডালগোর দেহ হতে পারে। তারা শিকাগো থেকে মেক্সিকোতে আসার পর সর্বশেষ গত ২০ মে তাদের দেখা গিয়েছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
পরিবারের সদস্যরা মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন, ওই দম্পতিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মাওয়ানি এবং হিডালগো ছিলেন দ্বৈত মার্কিন-মেক্সিকান নাগরিক।
হিডালগোর ভাগ্নি ফেসবুকে লিখেছেন, ‘তারা এত নির্মমভাবে প্রাণ হারিয়েছে জেনে আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’ তিনি নিখোঁজ হওয়ার পর বেশ কয়েক দিন তাদের ছবি শেয়ার করেছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিখোঁজ হওয়ার পরের কয়েক দিনে পরিবারের সদস্যরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হয়েছে বলে জানতে পান।