জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনতা ব্যাংক জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ সাক্ষাতে নেতৃবৃন্দ জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি দাবিনামা এমডির কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করেন।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের জন্য ব্যাংক কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রয়োজনীয় তদবির জোরদার করা।
কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত হাউজ বিল্ডিং লোন দ্রুত চালু ও বিতরণের প্রক্রিয়া সম্পন্ন করা।
কম্পিউটার ঋণের পরিমাণ ১ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করা এবং ঋণটি সুদমুক্ত করার ব্যবস্থা গ্রহণ।
মোটরসাইকেল ঋণ গ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাসিক ৫ হাজার টাকা রক্ষণাবেক্ষণ ও জ্বালানি ভাতা চালুর দাবি।
কর্মকর্তা-কর্মচারীদের জন্য অন্তত দুটি প্রণোদনা (ইনসেনটিভ) বোনাস দ্রুত প্রদান।
অতীত সরকারের আমলে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান।
জিয়া পরিষদের নেতৃবৃন্দ বলেন, এসব দাবি কোনো ব্যক্তিগত সুবিধার জন্য নয়; বরং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার ও ব্যাংকের সার্বিক কর্মপরিবেশ উন্নয়নের স্বার্থেই উত্থাপন করা হয়েছে।
তারা আশা প্রকাশ করেন, দাবিগুলো বাস্তবায়িত হলে কর্মকর্তা-কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে, সেবার মান আরও উন্নত হবে এবং জনতা ব্যাংকের কার্যক্রম অধিক গতিশীল ও দক্ষ হবে।
দাবিগুলো বাস্তবায়নে ব্যাংক কর্তৃপক্ষ ইতিবাচক পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করছেন জনতা ব্যাংক জিয়া পরিষদের নেতৃবৃন্দ।