বেশি দামে সার বিক্রি করায় ফেনী সদর উপজেলার লেমুয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে দুই ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা কৃষি অফিসার মহিউদ্দিন বাসস’কে জানান, উপ সহকারী কৃষি কর্মকর্তা ও ইউনিয়নের কৃষকদের উপস্থিতিতে লেমুয়া ইউনিয়নের লেমুয়া বাজারে রাসায়নিক সার অতিরিক্ত দামে বিক্রি করার বিষয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী কান্তি ট্রেডার্স এর প্রোপ্রাইটর কান্তি লাল নাথ কে, ৫ হাজার টাকা, সমীর ট্রেডার্স এর প্রোপ্রাইটর সমীর মজুমদার কে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এ সময় ভবিষ্যতে নির্ধারিত ন্যায্যমূল্যে সার বিক্রির জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে ও কৃষকদের স্বার্থ রক্ষার্থে এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিপন চৌধুরী জানান সরকার নির্ধারিত ইউরিয়া সার ২৭ টাকার স্থলে ৩৫ টাকা, টিএসপি ২৭ টাকার স্থলে ৪০ টাকা, ডেট ২২ টাকার স্থলে ৩০ টাকা, এমওটি ২২ টাকার স্থলে ৩০ টাকা করে তারা বিক্রি করছিলো। কৃষকের পক্ষ থেকে এই ধরনের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।