ইরান ও কাতারের মধ্যকার চলমান দ্বিপক্ষীয় কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দুই পক্ষ বিস্তারিত মতবিনিময় করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক আগ্রাসনের ফলে গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে যে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে, তা প্রশমনে কাতারের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং সংলাপের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টাকে উভয় পক্ষই গুরুত্ব দিয়েছে।
বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার লক্ষ্যে একটি যৌথ করিডর প্রতিষ্ঠার প্রস্তাবিত ধাপভিত্তিক কাঠামো নিয়েও আলোচনা করেন দুই নেতা। এ সময় কাতারের প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন এবং আন্তর্জাতিক নৌপথে নির্বিঘ্ন চলাচলের স্বাধীনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।