বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে পাঠানো এই চিঠিতে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রীর পাঠানো চিঠি তিনি পেয়েছেন এবং এই সিদ্ধান্তের জন্য তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। ট্রাম্প আশ্বস্ত করে বলেন, বোয়িংয়ের সেবা নিয়ে বাংলাদেশ হতাশ হবে না এবং বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে মনে রাখবেন। এই প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর বিশেষ মনোযোগের প্রশংসা করে তিনি নিকট ভবিষ্যতে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, বাংলাদেশের মানুষ অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করেছে। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশটি এবং এর জনগণ অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে তিনি নিশ্চিত। চিঠির শেষাংশে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের ইতিবাচক বার্তা দিয়ে ‘সর্বোত্তম শুভেচ্ছাসহ’ স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।