আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজের এই আদেশ দেন।
মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনটিকে কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, তা নিয়ে রুল জারির আরজি জানানো হয়। একই সঙ্গে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশনা চেয়ে আবেদন করেছিলেন রিটকারী।
উল্লেখ্য যে, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপনটি জারি করেছিল। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির নেতাকর্মীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠনের যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ, সম্মেলন, মিছিল, এবং অনলাইন বা গণমাধ্যমে প্রচারণার ওপর নিষেধাজ্ঞা বজায় থাকবে।