গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে তাঁর পরিবারের করা অভিযোগের পর ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য জানিয়েছেন ওই তরুণী। তিনি দাবি করেছেন, তাঁকে অপহরণ করা হয়নি; বরং ভালোবেসে বিয়ে করে নিজের ইচ্ছায় স্বামীর সঙ্গে ঘর ছেড়েছেন।গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কলেজছাত্রী ও তাঁর স্বামী রিজভী ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন। রিজভী পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে ঘটনার পর তাঁকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করে জেলা ছাত্রদল।ফেসবুক লাইভে রিজভী বলেন, তাঁদের বিরুদ্ধে গত দুই দিন ধরে ‘মিথ্যা অভিযোগ’ ছড়ানো হচ্ছে। তাঁর দাবি, গত ২২ জুলাই তাঁরা ভালোবেসে বিয়ে করেছেন। দুজনই প্রাপ্তবয়স্ক এবং তাঁর স্ত্রীর বয়স সাড়ে ১৯ বছর।লাইভে ওই কলেজছাত্রী বলেন, তাঁদের মধ্যে দুই বছরের সম্পর্ক ছিল। গত ২২ জুলাই বিয়ের পর তাঁর পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে বাড়িতে নিয়ে যায়। পরে তাঁকে রেখে স্বামীকে বিদায় করে দেওয়া হয়। কিছুদিন পর তিনি আবার স্বামীর সঙ্গে চলে আসেন।ওই তরুণীর ভাষ্য, পরে তাঁর পরিবার আবার সম্পর্ক মেনে নেওয়ার কথা বলে তাঁদের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাঁকে আটকে রেখে স্বামীকে তালাক দিতে বাধ্য করা হয় বলে তিনি দাবি করেন। এরপর তিনি আবার স্বামীর সঙ্গে চলে আসেন।কলেজছাত্রী বলেন, ‘এখন সংবাদ ছড়ানো হচ্ছে যে আমার স্বামী আমাকে অপহরণ করে নিয়ে এসেছে। বিষয়টি এমন নয়। আমি নিজের ইচ্ছায়, আমার স্বামীকে ভালোবেসে তাঁর সঙ্গে এসেছি। এখানে অপহরণের কোনো ঘটনা ঘটেনি।’নিজের পরিবারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, তাঁর শ্বশুরবাড়ির লোকজন ও স্বামীকে যেন হয়রানি করা না হয়। কলেজে যাতায়াতের সময় স্বামীর বিরুদ্ধে তাঁকে উত্ত্যক্ত করার যে অভিযোগ ছড়িয়েছে, সেটিও তিনি অস্বীকার করেন।এর আগে গত ২৮ সেপ্টেম্বর শ্রীপুরে ওই কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ তোলে তাঁর পরিবার। এ ঘটনায় কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে রিজভী, তাঁর বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগে কলেজে যাতায়াতের পথে ওই তরুণীকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন অভিযোগ করা হয়। অভিযোগের পর রিজভীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করে গাজীপুর জেলা ছাত্রদল। পরে এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর বুধবার রাতে ফেসবুক লাইভে এসে নিজেদের বক্তব্য তুলে ধরেন রিজভী ও ওই কলেজছাত্রী।