কুমিল্লার টাউন হল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলা। ‘কারিগরি শিক্ষা ও উদ্ভাবনের মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই মেলা ২ অক্টোবর শুরু হয়েছে এবং চলবে ৪ অক্টোবর পর্যন্ত। জেলার বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৫টি স্টলে তাদের তৈরি নানা প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী মডেল ও ব্যবহারিক প্রকল্প প্রদর্শন করছেন।
মেলায় আলহাজ্ব আয়শা খাতুন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এমন একটি যন্ত্র প্রদর্শন করেছেন, যা জলাশয়ের ভাসমান বর্জ্য অপসারণে সক্ষম। এই যন্ত্রটি সমুদ্র, নদী বা খালের বর্জ্য সংগ্রহ করে ফিল্টারিংয়ের মাধ্যমে নির্দিষ্ট পাত্রে জমা করতে পারে, যা পানিদূষণ রোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। এছাড়া কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা হাইড্রলিক ব্রিজের একটি মডেল উপস্থাপন করেছেন, যেখানে নৌযান চলাচলের প্রয়োজনে সেতুর পাটাতন স্বয়ংক্রিয়ভাবে ওপরে উঠে যায়।
পরিবেশবান্ধব উদ্ভাবনী প্রকল্পের মধ্যে সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাজ বেশ নজর কেড়েছে। তারা ব্যবহৃত চা-পাতা, হলুদ ও বিটরুট ব্যবহার করে সুতি কাপড়ের জন্য টেকসই ও প্রাকৃতিক রং তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন। শিক্ষার্থীদের দাবি, এই রং কাপড়ে প্রয়োগ করলে প্রচলিত রঙের মতোই দীর্ঘস্থায়ী হয়। ব্যবহারের পর ফেলে দেওয়া চা-পাতা, হলুদ ও বিটরুটের মতো সহজলভ্য উপাদান ব্যবহার করে তাঁরা বিভিন্ন প্রক্রিয়ায় রং তৈরি করেছেন।
শুক্রবার সকালে মেলা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল প্রকল্পের প্রশংসা করে কারিগরি ও বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সুলতানা রাজিয়া। এতে প্রধান বক্তা ছিলেন সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তারিকুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক কাজী ফারুক আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। সরকারি-বেসরকারি পলিটেকনিক, মনোটেকনিক, ভোকেশনাল, বিএম, শর্ট কোর্সসহ বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে একই প্ল্যাটফর্মে এনে এ আয়োজন করা হয়েছে।
উদ্বোধনের পরপরই ‘বাংলাদেশে কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা: চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, দেশের শিল্পায়ন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ কারিগরি জনশক্তি অপরিহার্য। কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের প্রকল্পভিত্তিক ও হাতে-কলমে শেখার আগ্রহ বাড়াতে এই মেলার আয়োজন করা হয়েছে। কারিগরি শিক্ষার সম্ভাবনা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের প্রকল্পভিত্তিক ও দক্ষতাভিত্তিক শিক্ষায় উৎসাহিত করাই এ মেলার মূল উদ্দেশ্য।
এই মেলার আয়োজক কুমিল্লা জেলা প্রশাসন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল। টাইটেল পার্টনার হিসেবে রয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। এছাড়া সিসিএন শিক্ষা পরিবার, নন্দী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপারস (প্রা.) লিমিটেড ও এমআরসি বিল্ডার্স লিমিটেড এই আয়োজনে সহযোগিতা করছে।