1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম

বাংলাদেশে প্রথম সফরে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

প্রথমবারের মতো বাংলাদেশ ভ্রমণে এসে নাটোর রেলওয়ে স্টেশনে প্রতারণার কবলে পড়েছেন জার্মানির পর্যটক কিরিল লেন্ডার উইবার। গত বুধবার (৭ অক্টোবর) ট্রেনের টিকিট কাটতে গিয়ে তিনি নিজের ল্যাপটপ ও ক্যামেরা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ভুক্তভোগী পর্যটক জানান, স্টেশনে টাকা তোলার জন্য এটিএম বুথে যাওয়ার সময় নিজের ব্যাগটি এক ব্যক্তির কাছে রেখেছিলেন, যে নিজেকে রেলওয়ের কর্মী হিসেবে পরিচয় দেয়। কিন্তু টাকা তুলে ফিরে এসে দেখেন ওই ব্যক্তি এবং তার ব্যাগ—উভয়ই হাওয়া। পরে জানা যায়, সেই ব্যক্তি আসলে কোনো রেলওয়ে কর্মকর্তা ছিলেন না। তার ব্যাগে ছিল ম্যাকবুক ও ক্যামেরা। পরে এটি বিক্রি করে দেওয়ার আশঙ্কায় ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়।

ঘটনার পর কিরিল নাটোর থানায় বিষয়টি অবহিত করেন এবং পুলিশ তাকে নিয়মিত সহায়তা করে যাচ্ছে। তিনি বলেন, তার ল্যাপটপে অত্যন্ত জরুরি সব তথ্য ও ডেটা রয়েছে। যদিও এখন পর্যন্ত ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হয়নি, তবুও তিনি আশা করছেন যে পুলিশ ধীরে ধীরে সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হচ্ছে। পর্যটকের অভিযোগের প্রেক্ষিতে নাটোর সদর থানা, রাজশাহী রেলওয়ে থানা, সান্তাহার জিআরপি, ডিবি এবং র‍্যাবের বিভিন্ন টিম মাঠে নেমেছে। এছাড়া স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থীদের পাশাপাশি মেস মালিক ও কেয়ারটেকারদেরও বিষয়টি জানানো হয়েছে যাতে কেউ ল্যাপটপটি কেনা থেকে বিরত থাকেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে কিরিল বলেন, ‘ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা রয়েছে। সর্বশেষ পরিস্থিতি খুব একটা ভালো নয়।’।

তদন্তের অংশ হিসেবে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ল্যাপটপটির অবস্থান শনাক্তের চেষ্টা করছে। রাজশাহী রেলওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, প্রথমে ল্যাপটপটি রাজশাহীর রেলগেট ও পরে মহিলা কলেজ এলাকায় শনাক্ত হয়। সবশেষ বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের আশেপাশে এর সংকেত পাওয়া যায়। ওই সময় তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেন স্টেশনে থাকায় রেলওয়ে পুলিশ তল্লাশি অভিযান চালায়, তবে দুর্ভাগ্যবশত কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। ল্যাপটপে সিম কার্ড না থাকায় সুনির্দিষ্ট লোকেশন নির্ণয়ে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। পরে রাত ১১টার দিকে পর্যটক রাজশাহীতে আসার পর ল্যাপটপটির অবস্থান মহিলা কলেজের আশপাশে দেখা যায়।

কিরিল লেন্ডার উইবার জানান, তার এই সফরটি স্মরণীয় হওয়ার কথা থাকলেও এমন ঘটনায় তিনি বেশ ভেঙে পড়েছেন। তবে পুলিশ তাকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে। বুধবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনের একটি হোটেলে তার থাকার ব্যবস্থা ও খাবারের জোগানও দিচ্ছে পুলিশ। বৃহস্পতিবার পর্যন্ত তিনি রাজশাহী রেলওয়ে থানায় অবস্থান করছিলেন।

বিদেশি পর্যটক বাংলাদেশের মেহমান উল্লেখ করে ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। পুলিশের বিভিন্ন ইউনিট তৎপর রয়েছে এবং সঠিক লোকেশন নিশ্চিত হতে পারলে ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হবে। ভুক্তভোগীর জিনিসপত্র ফিরিয়ে দিতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’ ল্যাপটপটিতে কোনো সিম কার্ড না থাকলেও গোয়েন্দারা আধুনিক প্রযুক্তি ও স্থানীয় নেটওয়ার্ক কাজে লাগিয়ে চোর শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun