কাতারে কর্মরত বাংলাদেশি শেফদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা এবং নিজেদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ শেফ কমিউনিটি কাতার’। দোহার ঘরোয়া রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন সংগঠনের কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ৪৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটির তালিকা প্রকাশ করেন কাতার বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন। নবগঠিত কমিটিতে মো. আলী হোসেন সভাপতি এবং জয়নুল আবেদিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। মাহমুদ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান সাজু, আমিনুল হক, বেলায়েত হোসেন আরজু, কাউছার হোসেন এবং সংগঠনের প্রধান উপদেষ্টা সাইদুল ইসলাম চয়নসহ অনেকে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান রাসেল, অহিদুল ইসলাম, মিরাজ হোসেন এবং উপদেষ্টা শাহজালাল ও জসিম উদ্দিন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই শেফরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাতারের আতিথেয়তা ও খাদ্যশিল্পে নিজেদের অবস্থান আরও মজবুত করবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।