ব্যাপক ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে (PHP) গুরুতর সাইবার নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। এর জেরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও সাইবার হামলা এড়াতে ইউরোপসহ বিভিন্ন দেশের সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার বিশ্বজুড়ে এই পদক্ষেপ নেওয়া হয়।
বিশেষজ্ঞরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সিস্টেমের নিরাপত্তা ত্রুটিগুলো চিহ্নিত করার আগে বছরের পর বছর ধরে তা অগোচরেই ছিল। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাইবার হামলা মোকাবেলা ও গবেষণা প্রতিষ্ঠান ‘টিএলপি:ব্ল্যাক’-এর সহপ্রতিষ্ঠাতা কস্টিন রাইউ। তিনি সতর্ক করে বলেন, এআই প্রযুক্তি উদ্ভাবনের ফলে এখন নিরাপত্তার দুর্বলতা কাজে লাগানোর প্রতিযোগিতা আরও গতি পেয়েছে।
কস্টিন রাইউ আরও আশঙ্কার কথা জানিয়ে বলেছেন, এই ত্রুটি দ্রুত সমাধান করা না হলে পরবর্তী ধাপে ইন্টারনেটে যুক্ত থাকা প্রতিটি ঝুঁকিপূর্ণ ওয়েব সার্ভার ব্যাপকভাবে সাইবার আক্রমণের শিকার হতে পারে। এমন পরিস্থিতিতে বড় ধরনের বিপর্যয় এড়াতে আগাম সতর্কতা হিসেবে অনেক সংস্থা তাদের অনলাইন সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।