গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে মহাসড়কের সফিপুর উড়ালসেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ী থেকে একটি মোটরসাইকেলে করে একই পরিবারের তিনজন চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।