গাজীপুরের পুবাইলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলন্ত এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে শুরু করে। এতে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের সহযোগিতায় পানি ঢেলে আগুন নেভানো হয়। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল। পুবাইল স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। পরিস্থিতি বুঝতে পেরে চালক ইঞ্জিন বন্ধ করে দেন। এ সময় ট্রেনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভাতে সহযোগিতা করেন। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্য, আগুন নেভাতে কেউ বালতি, কেউ কলস আবার কেউ পানির মোটরের পাইপ নিয়ে ছুটে আসেন। পাশের একটি ড্রেন থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এ ছাড়া কাছের একটি নির্মাণাধীন বাড়ির পানিও ব্যবহার করা হয়। ট্রেনটির চালক বলেন, ‘আগুন দেখতে পেয়ে এলাকার লোকজন ও যাত্রীরা জড়ো হন। তাঁরা অনেক সহযোগিতা করেছেন। কেউ বালতি, কেউ কলস, আবার কেউ পানির মোটরের পাইপ নিয়ে এসেছেন। তাঁদের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।’ ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হওয়ার খবর পেয়েছেন তাঁরা। তবে ইঞ্জিনে আগুন লেগেছিল কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিপরীত লাইনে চলাচল স্বাভাবিক ছিল। বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আনিসুর রহমান বলেন, গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি ইঞ্জিন যুক্ত করে আটকে পড়া এগারসিন্দুর ট্রেনটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।