গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে মাদক বিক্রির ২৫ হাজার টাকাও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ টেপিরবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকার কাঞ্চন শিকদারের ছেলে মামুন শিকদার (৩২) এবং জয়দেবপুর থানার পিরুজালী নুহাশপল্লী এলাকার সিরাজুল ইসলাম ছেলে মনির হোসেন (৪৫)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল মামুন শিকদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে বিদেশি দুটি ব্র্যান্ডের ১৪৫ বোতল মদ জব্দ করা হয়। এর মধ্যে ভারতীয় মদ অফিসারস চয়েস ব্র্যান্ডের ৯৭ বোতল এবং এসি ব্ল্যাক ব্র্যান্ডের ৪৮ বোতল রয়েছে। বোতলগুলোর ধারণক্ষমতা অনুযায়ী এসব মদের মোট পরিমাণ ৬৮ হাজার ২৫০ মিলিলিটার। অভিযানের সময় মামুন শিকদারের পরিহিত প্যান্টের পকেট থেকে নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, টাকাগুলো মাদক বিক্রির। ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন আন্তজেলা মাদক কারবারি। তাঁরা দীর্ঘদিন ধরে নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের চালান সংগ্রহ করে গাজীপুরে নিয়ে আসতেন। পরে শ্রীপুরসহ জেলার বিভিন্ন এলাকায় খুচরা বিক্রেতাদের মাধ্যমে এসব মাদক বিক্রি করতেন। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় শ্রীপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ১৯। মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে মামলাটির তদন্ত চলছে।