সকালে উড়ে যায় আপন ঠিকানায়। সারাদিন ঘুরে বেড়ায় খাল-বিল, মাঠ-ঘাট আর জলাশয়ে। অন্য বকদের সঙ্গে কাটে তার দিন। তবে সূর্য ডুবলেই যেন মনে পড়ে যায় এক আশ্রয়ের কথা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ফিরে আসে সেই পরিচিত মানুষের কাছে। মানুষটির নাম জসিম উদ্দিন। পেশায় মাছ বিক্রেতা। গাজীপুরের শ্রীপুরের চকপাড়া গ্রামের মেডিকেল মোড়ে তাঁর মাছের দোকান। আর এই দোকানেই গড়ে উঠেছে মানুষ ও একটি বকের ব্যতিক্রমী বন্ধুত্ব।প্রতিদিন সন্ধ্যায় বকটি ফিরে এলে নিজের হাতে মাছ খেতে দেন জসিম। কখনো তাঁর কোলে, কখনো মাছ বিক্রির টেবিলে বসে থাকে পাখিটি। জসিম দোকান থেকে একটু দূরে গেলেও তাঁর বসার কাঠের পিঁড়িতে অপেক্ষা করতে দেখা যায় বকটিকে। অপরিচিত কেউ দোকানে এলে কখনো তেড়ে যায়, আবার জসিম ফিরে এলেই শান্ত হয়ে যায়। রাতে দোকানের ভেতরেই কাটে তার সময়। সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গে ডানা মেলে উড়ে যায়।এভাবেই প্রায় ছয় মাস ধরে চলছে মানুষ ও পাখির এই মায়ার সম্পর্ক। বকটির প্রতি জসিমের টান যেমন গভীর, তেমনি প্রতিদিন তার ফিরে আসার দৃশ্য দেখতে মাছের দোকানে ভিড় করেন স্থানীয় লোকজন। তাঁদের আগ্রহ মাছ কেনায় নয়, মানুষ ও পাখির এই অদ্ভুত বন্ধুত্ব দেখায়।জসিম উদ্দিন (৩০) শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। তিনি জানান, গত মার্চ-এপ্রিল মাসের দিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে বকের ছানাটি নিচে পড়ে যায়। তখন ছানাটির বয়স ছিল আনুমানিক ১০ দিন। সেখান থেকে সেটিকে কুড়িয়ে এনে লালন-পালন শুরু করেন তিনি। প্রথম দিকে ছানাটিকে বাঁচিয়ে রাখা নিয়েই দুশ্চিন্তায় ছিলেন। পরে নিজের কাজের পাশাপাশি বিশেষ যত্নে বড় করেন পাখিটিকে। একসময় বকটি উড়তে শেখে।জসিমের ভাষায়, বকটিকে চাইলে খাঁচায় আটকে রাখতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। ধীরে ধীরে পাখিটি উড়তে শেখে এবং নিজের মতো করে ঘুরে বেড়াতে শুরু করে। এখন সকালে বেরিয়ে যায়, আবার সন্ধ্যায় ফিরে আসে। তাঁর কোলে বসে মাছ খায়। রাতে দোকানের ভেতরেই থাকে।জসিম বলেন, ‘অনেকে আমাকে বলে, বকটি একদিন আমার চোখের ক্ষতি করতে পারে। কেউ কেউ দূরে সরিয়ে রাখার পরামর্শও দেয়। কিন্তু আমি এসব কথায় কান দিই না। সে আমাকে ভালোবেসে প্রতিদিন সন্ধ্যায় ফিরে আসে। আমিও তাকে ভালোবাসি। আমি তো তাকে বন্দী করিনি, কোনো দিন করবও না।’বকটি একদিন আর ফিরে না এলে তাঁর কষ্ট হবে—এ কথাও অকপটে স্বীকার করেন জসিম। তবে পাখিটির স্বাধীনতাকেই বড় করে দেখেন তিনি। তাঁর কথায়, ‘কোনো দিন যদি সে আর ফিরে না আসে, আমার অনেক কষ্ট হবে। কিন্তু এই ভেবে শান্তি পাব, সে নিজের মতো ভালো আছে। আমি তাকে কখনো বিরক্ত করি না, করবও না। প্রত্যেক প্রাণীরই বেঁচে থাকার অধিকার আছে, তাদের স্বাধীনতাও গুরুত্বপূর্ণ।’এলাকায় জসিমের পাখিপ্রেমের কথা ছড়িয়ে পড়েছে। দূরদূরান্ত থেকে অনেকে তাঁর দোকানে আসেন বকটিকে দেখতে। কেউ কেউ পাখিটি কিনে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন। দামও বলেছেন অনেকে। তবে জসিমের সাফ কথা, বিক্রি করবেন না বকটিকে।জসিম বলেন, ‘ছোট থেকে পরিবারের সদস্যের মতো করে বড় করেছি। এখন ওর প্রতি অনেক মায়া জন্মেছে। প্রতিদিন নিজের হাতে মাছ খাওয়াই। অনেকে অনেক টাকা দাম বলেছে। কিন্তু আমি ওকে বিক্রি করব না।’খাঁচা কিংবা শিকলের বন্ধন নয়, নিজের ইচ্ছায় ফিরে আসার মধ্যেই যেন এই বন্ধুত্বের সৌন্দর্য। জসিমের কাছে বকটি শুধু একটি পাখি নয়, বরং মায়া আর ভালোবাসার এক অনন্য সঙ্গী।