গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভের জেরে ১১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে চন্দ্রা এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। এদিকে শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের কালিয়াকৈর থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি কারখানার শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন।ওই দিন পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন।এরপর আহত এক শ্রমিক মারা গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে এ খবরকে গুজব বলে জানা গেছে। শনিবার সকালে শ্রমিকদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ার পর তাঁরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নেন।পরিস্থিতির কারণে আশপাশের ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।বিক্ষোভের মধ্যে শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়ার চেষ্টা করছিলেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা আন্দোলন করেছেন। এ সময় আশপাশের ১১টি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আসেন। বিক্ষোভের কারণে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। অবরোধ তুলে নেওয়ার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।