গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইনে নেমে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় স্টেশনে আসা দুটি ট্রেন আটকে দেন তাঁরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল প্রায় চার ঘণ্টা ব্যাহত হয়। এসময় দুর্ভোগে পড়েন যাত্রীরা। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এরপর সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের দাবি, রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। অথচ গুরুত্বপূর্ণ এ স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নেই। এতে স্থানীয় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এ দাবি জানালেও কোনো সমাধান মেলেনি। তাই দাবি আদায়ে রেলপথ অবরোধের কর্মসূচি নিয়েছেন তাঁরা। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন বলেন, যাত্রাবিরতির দাবিতে সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন রেললাইনে অবস্থান নেন। এ সময় তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে গিয়ে লাল ব্যানার টানিয়ে দেন তাঁরা। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সরিয়ে দেয়। তিনি জানান, সকাল ৯টার দিকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের সামনে আবারও অবস্থান নেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে শ্রীপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসনের পক্ষ থেকে দাবির বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হলে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। পরে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।