গাজীপুরের কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কাওসার আহমেদ, গাজীপুর ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে কর্মস্থলে এসে কাজ না পেয়ে ফিরে যেতে হয়েছে হাজারো শ্রমিককে। অনিশ্চয়তায় পড়েছেন তাঁদের অনেকেই। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও কোনাবাড়ী এলাকায় এসব চিত্র দেখা যায়। সকাল সাতটা থেকে শ্রমিকেরা কাজে যোগ দিতে কারখানায় আসতে শুরু করেন। তবে অধিকাংশ কারখানার ফটকে ছুটির নোটিশ দেখে ফিরে যান তাঁরা। কোথাও কোথাও কাজের বিষয়ে নিশ্চিত হতে দীর্ঘসময় কারখানার সামনে অপেক্ষা করতেও দেখা গেছে শ্রমিকদের। কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর এবং রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো হয়েছে। এপেক্স হোল্ডিংয়ের শ্রমিকরা বলেন, প্রতিদিন কাজের জন্য কারখানায় আসেন তাঁরা। কাজ না করলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করেছেন, সরকারও বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে। এখন তাঁরা আন্দোলন নয়, কারখানায় ফিরে কাজ করতে চান। তাঁদের ভাষ্য, প্রতিদিন সকালে কারখানায় এসে নতুন কোনো সমস্যা বা ছুটির খবর শুনতে হচ্ছে। রোববার এসেও প্রথমে ছুটির কথা জানতে পারেন। পরে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখে হতাশ হয়ে ফিরে যান। এদিকে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় গত কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ,এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল ২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলন, কারখানায় হামলা, ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে না। তিনি বলেন, নতুন করে কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে সব নোটিশ এখনো শিল্প পুলিশের হাতে পৌঁছায়নি। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অনেক কারখানা কর্তৃপক্ষ সকালে সাধারণ ছুটি ঘোষণা করেছে। রোববার কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।