গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ফরহাদ (৪১)। সোমবার (১৬ নভেম্বর) ভোরে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফরহাদ টাঙ্গাইল সদর উপজেলার শালিনাপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। কারা কর্তৃপক্ষ জানায়, সোমবার ভোরে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরহাদ। পরে দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানো হয়। ভোর পৌনে চারটার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি হত্যা মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার পর ২০১৯ সালের ২৬ আগস্ট ফরহাদকে এ কারাগারে স্থানান্তর করা হয়েছিল। জেল সুপার আরও জানান, ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ফরহাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।