গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিকদের সড়ক অবরোধ, ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ারশেলকাওসার আহমেদ, গাজীপুর গাজীপুরের কোনাবাড়ীতে দুটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। তাঁদের সরাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সোমবার (১৬ নভেম্বর) সকাল আটটার দিকে কোনাবাড়ী-কাশিমপুর সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হন। পরে তাঁরা বিক্ষোভ শুরু করে একপর্যায়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। তবে শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর শিল্পাঞ্চলের ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুটি কারখানার শ্রমিকেরা সকালে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।