গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। তাঁদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ওই এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। মহাসড়ক অবরোধের ফলে দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে কর্মস্থলগামী মানুষ, দূরপাল্লার যাত্রী ও পরিবহনচালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে শ্রমিক অসন্তোষের প্রভাবে গাজীপুর মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় বুধবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিক অসন্তোষের কারণে আজ সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গতকালের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।