গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে লাঠিসোঁটা নিয়ে অবরোধ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি, আনসার রোডসহ বিভিন্ন পয়েন্টে দফায় দফায় অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রথমে বিভিন্ন কারখানার ভেতরে অবস্থান নিলেও পরে তাঁরা দলবদ্ধ হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে নেমে আসেন। একপর্যায়ে লাঠিসোঁটা হাতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ দেননি। তাঁরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে বিভিন্ন স্থান থেকে শ্রমিকেরা মহাসড়কে এসে অবরোধ গড়ে তোলেন। এ সময় সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন তাঁরা। অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে আটকা পড়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন। কর্মস্থলগামী মানুষ ও যাত্রীদের দীর্ঘ সময় যানবাহনে বসে থাকতে হয়। অনেকে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন। এদিকে শ্রমিক অসন্তোষ ও সড়ক অবরোধের কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।