গাজীপুর মহানগরীর ভুরুলিয়ায় পল্লী বিদ্যুতের একটি অভিযোগ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বাইরে থেকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১৯ নভেম্বর) রাতে ভুরুলিয়া এলাকার পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া বলেন, পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী বলেন, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে বলে তাঁদের ধারণা। এতে কাঠের স্তূপে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিস্তারিত বলতে পারবেন।