গাজীপুরের বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মধ্যরাত পর্যন্ত কার্যালয়ে অবরুদ্ধ রাখা, প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে অচলাবস্থা সৃষ্টির অভিযোগে ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের সহকারী প্রক্টর (এসও) মো. সালাহ্ উদ্দিনের লিখিত অভিযোগের ভিত্তিতে গাজীপুর মহানগরের গাছা থানায় মামলাটি নথিভুক্ত হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেনকে প্রধান আসামি এবং অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেনকে দ্বিতীয় আসামি করা হয়েছে।নাম উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন পরিচালক (ভারপ্রাপ্ত) মিয়া হোসেন রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মামুনুর রহমান, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন, সেকশন অফিসার ইয়াকুব আলী, অতিরিক্ত রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান নান্নু ও উচ্চমান সহকারী আব্দুস সালাম।এ ছাড়া মামলায় আব্দুল বাতেন, আফজাল, ফারুক পাটোয়ারী, আরিফ হোসেন খান, আমির হোসেন, হাবিবা ফাতেমা শম্পা, আব্দুল জলিল, মো. ওবায়দুল হক, রিপন, মো. সিরাজুল ইসলাম, মোহা. আজিজুল হক ও মো. শফিকুল ইসলামকে আসামি করা হয়েছে।এর আগে ১৬ নভেম্বর উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং প্রচলিত বেতন কাঠামো অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আন্দোলনে নামেন। একপর্যায়ে তাঁরা উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। রাত পর্যন্ত চলে তাঁদের অবস্থান কর্মসূচি।একই দিন আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরা পাল্টা কর্মসূচি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকেল তিনটার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাস অবরুদ্ধ ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং অচলাবস্থার সৃষ্টি হয়।এদিকে, ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে।