দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মান উন্নত করে তা সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রেসিডেন্ট এই নির্দেশনার কথা জানান বলে তাঁর প্রেস উইং নিশ্চিত করেছে।
সাক্ষাৎকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা বিষয়ক বছরব্যাপী এক বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের কথা প্রেসিডেন্টকে অবহিত করেন। মন্ত্রী এই প্রচার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেন।
আলোচনাকালে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, জন্মনিয়ন্ত্রণ সচেতনতা বাড়ানো, মা ও শিশুর তথ্য ও সেবা নিশ্চিত এবং সার্বিক পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করতে সরকার বছরব্যাপী এই উদ্যোগ নিয়েছে। বিগত সরকারের সময়ে স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনার মতো মৌলিক ক্ষেত্রগুলো চরম অবহেলিত ছিল দাবি করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেট বাড়ানো, নতুন হাসপাতাল নির্মাণ, স্বাস্থ্যকর্মী নিয়োগ ও হেলথ কার্ড চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
বঙ্গভবনের এই বৈঠকে প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব, প্রেস সচিবের পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।