গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, দুপুরের দিকে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন।গাজীপুর শিল্পাঞ্চল-২-এর সহকারী পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।