উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জনপদ। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। রাস্তাঘাটে দৃষ্টিসীমা কমে আসায় স্থানীয় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। উত্তরের জেলা পঞ্চগড় রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে কুয়াশা। কোথাও কোথাও সামনের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি প্রকট হচ্ছে। ভোরের দিকে কুয়াশার দাপট বেশি থাকায় সাধারণ মানুষের কাজে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর রহমান জানান, রাত থেকেই প্রচুর কুয়াশা পড়ছে। সকালে ঘুম থেকে উঠে চারপাশ কুয়াশায় ঢাকা দেখা যায়, যার ফলে রাস্তায় সামনে কিছু দেখা অসম্ভব হয়ে পড়ে।
চলাচলে অসুবিধার কথা জানিয়ে আরেক স্থানীয় বাসিন্দা শহিদুল্লাহ বলেন, ভোরে কাজে বের হতে হয় কিন্তু ঘন কুয়াশায় রাস্তাঘাট দেখা যায় না। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে, অথচ সকাল ৮টা বেজে গেলেও রোদের দেখা নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে কিছুটা গরম অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শীতের এই আবহে স্থানীয়দের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।