বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ, শ্রমিক ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বেতন বাড়ানোর দাবিতে একদল শ্রমিক গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় জড়ো হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাঁদের সড়ক অবরোধ না করার অনুরোধ জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকেরা বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রমিকদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা আশপাশের গলি ও আঞ্চলিক সড়কে ছড়িয়ে পড়েন। এরপর গড়গড়িয়া মাস্টারবাড়ি-শ্রীপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে শ্রমিকেরা আবারও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ধাওয়া দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে। একপর্যায়ে শ্রমিকেরা পিছু হটলে পুলিশ তাঁদের কয়েক কিলোমিটার পর্যন্ত ধাওয়া করে। সংঘর্ষ চলাকালে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আশপাশের সড়ক ও জনবসতি। গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক আছে।