জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির নেতা ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, দুর্বৃত্তরা আবু বাকেরের বাড়িতে কাফনের কাপড় এবং হুমকি সংবলিত একটি চিরকুট পাঠিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এই অভিযোগ তোলেন। তিনি সরাসরি পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে এই ঘটনার জন্য দায়ী করেন। তার ভাষ্যমতে, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী চক্র এখন চোরাগোপ্তা হামলার মাধ্যমে মানুষ হত্যার পথ বেছে নিয়েছে।
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, গত বছরের ডিসেম্বরে শরীফ ওসমান হাদীকে হত্যার পর এবার জুলাই গণঅভ্যুত্থানের মূল নেতৃত্বকে টার্গেট করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের কাছে নিরাপত্তা চেয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব, শহীদ পরিবার এবং রাজপথের লড়াকু যোদ্ধাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু বাকেরদের সাহসিকতা পলাতক খুনিদের অজানা। এই অপশক্তিকে আবারও পরাজিত করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।