গাজীপুরের শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা নিরসনে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। একই সঙ্গে শ্রমিকদের বাসাভাড়া না বাড়াতে বাড়ির মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শ্রীপুর উপজেলা পরিষদের ক্ষণিকা সভাকক্ষে বাড়ির মালিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য।এমপি বাচ্চু বলেন, সরকার শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। এখন কোনো ধরনের উসকানিতে বিভ্রান্ত না হয়ে তাঁদের কাজে ফিরে যাওয়া উচিত। কারখানায় হামলা, ভাঙচুর কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে কোনো শ্রমিকের জড়িত হওয়া উচিত নয়। শ্রমিকের ছদ্মবেশে পতিত আওয়ামী লীগের লোকজন শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন সচল রাখাও গুরুত্বপূর্ণ। কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। উসকানি বা সহিংসতার মাধ্যমে পরিস্থিতির অবনতি ঘটানো কারও জন্যই মঙ্গলজনক নয়।বাড়ির মালিকদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, শিল্পাঞ্চলের শ্রমিকেরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করেন। তাঁদের প্রতি সহনশীল হতে হবে। কোনো অবস্থাতেই শ্রমিকদের বাড়িভাড়া বাড়ানো যাবে না।শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রমিক, কারখানার মালিক ও বাড়ির মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।