গাজীপুরের শ্রীপুরে গজারি বনের নির্জন স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় জাহিদ (২০) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের মাটিয়াগাড়া এলাকার বন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।জাহিদ গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়নের দস্যু নারায়ণপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাটিয়াগাড়া এলাকার গভীর গজারি বনের ভেতরে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে কাছে গিয়ে তাঁর হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তাঁরা। খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহতের বাবা হাবিবুর রহমান জানান, বুধবার রাত থেকে অটোরিকশাসহ তাঁর ছেলে নিখোঁজ ছিলেন। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনেরা। কিন্তু কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরদিন ছেলের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে শনাক্ত করেন।শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।