ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। এই গুরুত্বপূর্ণ আয়োজনের প্রাক্কালে শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, মোদি মাঝখানে দাঁড়িয়ে আছেন এবং তার দুই পাশে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিন নেতাকেই বেশ হাস্যোজ্জ্বল ও বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে দেখা গেছে। মোদি তার ক্যাপশনে সম্মেলনের সূচনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রিকস এখন ১১ সদস্যের একটি জোটে পরিণত হয়েছে এবং বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে এর প্রভাবও আগের তুলনায় বেড়েছে। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এবারের সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীন ও রাশিয়ার চলমান টানাপড়েন, ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার অস্থিরতার মতো সংকটময় সময়ে ব্রিকস নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।