আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী সফরে আসছেন। সরকারি সফরসূচি অনুযায়ী, এদিন তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন। এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর এই সফরের কথা থাকলেও পরে তা স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছিল।
সফরের শুরুতে সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন।
পরশুরাম থেকে দুপুর ১টা ১৫ মিনিটে তিনি ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওয়ানা হবেন। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন। এরপর দুপুর ২টায় তিনি ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় উপস্থিত হবেন। সেখানে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি কিছু সময় বিশ্রাম নেবেন।
দুপুরের পরবর্তী কার্যসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করবেন। এছাড়া মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদানের অনুষ্ঠানেও তার উপস্থিতি থাকার কথা রয়েছে। বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে ফেনী ত্যাগ করবেন এবং রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পরশুরাম ও ফুলগাজী এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে। ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে সভাস্থলে মঞ্চ ও উদ্বোধনী ফলক তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে বিশুদ্ধ পানির ব্যবস্থা, ভ্রাম্যমাণ শৌচাগার ও স্যানিটেশনের কাজ সম্পন্ন করা হচ্ছে। এছাড়া অনুষ্ঠানস্থল ও আশেপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ ফেনী-পরশুরাম প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোর সংস্কারকাজ চালাচ্ছে যাতে যাতায়াত নির্বিঘ্ন হয়। একই সঙ্গে স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।