সারা বছরই অনেকটা শান্ত ও নিরিবিলি থাকে গাজীপুরের নুহাশ পল্লী। তবে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন এলেই সেখানে দেখা যায় ভিন্ন চিত্র। প্রিয় লেখকের স্মৃতির টানে ছুটে আসেন তাঁর অসংখ্য ভক্ত ও পাঠক। আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী। দিনটি ঘিরে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে তাঁর হাতে গড়া নুহাশ পল্লীতে। ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে সমাধিস্থলসহ পুরো প্রাঙ্গণ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে অবস্থিত নুহাশ পল্লীতে গিয়ে দেখা যায়, জন্মদিনের আয়োজন সামনে রেখে পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত কর্মীরা। কেউ ঝাড়ু দিয়ে বাগান ও চলাচলের পথ পরিষ্কার করছেন, কেউ পানি ও ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিচ্ছেন হুমায়ূন আহমেদের সমাধিস্থল। তাঁর স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা বৃষ্টি বিলাস ও দিঘি লীলাবতীর পুকুরপাড়েও চলছে পরিষ্কারের কাজ। নুহাশ পল্লীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এখানকার কর্মীদের। তাঁদের অনেকের কাছেই হুমায়ূন আহমেদ কেবল একজন লেখক নন, স্মৃতিতে জড়িয়ে থাকা একজন মানুষ। এখানে দীর্ঘদিন ধরে রান্নার কাজ করছেন পারুল আক্তার। হুমায়ূন আহমেদের সঙ্গে কাটানো সময়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বহু বছর স্যারকে নিজের হাতে রান্না করে খাবার দিয়েছি। স্যারকে নিয়ে অনেক স্মৃতি মনে পড়ে। তিনি জীবিত থাকতে অনেক মানুষ আসতেন। এখন আগের তুলনায় কিছুটা কম এলেও শুক্রবার ও শনিবার দর্শনার্থী বেশি থাকেন। বিভিন্ন উৎসবেও মানুষ আসেন। স্যারের বই, নাটক ও গল্প নিয়ে আলোচনা হয়। এসব শুনতে ভালো লাগে।’ সমাধিস্থল পরিষ্কারের দায়িত্বে থাকা ইমান আলী বলেন, ‘প্রতিবছর দু-একবার এখানে কাজ করার সুযোগ হয়। আমি পড়াশোনা জানি না। তবে মানুষের মুখে স্যারের অনেক গুণের কথা শুনেছি। তিনি অনেক জ্ঞানী ও বড় মনের মানুষ ছিলেন। এ জন্য আমিও তাঁকে শ্রদ্ধা করি। দূরদূরান্ত থেকে মানুষ এখানে আসেন। অনেকে স্যার সম্পর্কে আমার কাছেও জানতে চান।’ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তাঁর বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানে তাঁর শৈশব ও শিক্ষাজীবন কাটে। বগুড়া জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রে উচ্চতর গবেষণা শেষে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি করেন। শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়ে সাহিত্যজগতে আলোচনায় আসেন তিনি। এরপর একের পর এক উপন্যাস, গল্প, নাটক ও চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে হয়ে ওঠেন বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় স্রষ্টা। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলীসহ অসংখ্য চরিত্র জায়গা করে নিয়েছে কয়েক প্রজন্মের পাঠকের মনে। সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা সম্মাননা। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন আহমেদ। নিজের গড়া প্রিয় আবাসস্থল নুহাশ পল্লীতেই শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে সমাহিত করা হয়। মৃত্যুর পরও তাঁর সাহিত্যকর্ম ও সৃষ্ট চরিত্রের প্রতি পাঠকের আগ্রহ কমেনি। জন্ম ও মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মানুষের উপস্থিতিই তার প্রমাণ। নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, ‘স্যার চলে যাওয়ার পরও পাঠকদের হৃদয়ে তাঁর অবস্থান কতটা গভীর, তা এখানে মানুষের আগমন দেখলেই বোঝা যায়। বিশেষ করে জন্ম ও মৃত্যুবার্ষিকীতে অনেক মানুষ আসেন। তাঁরা শ্রদ্ধা জানান, স্মৃতিচারণা করেন। নুহাশ পল্লী নিয়ে দর্শনার্থীদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা সাধ্যমতো তা পূরণের চেষ্টা করি।’ তিনি জানান, হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে নুহাশ পল্লীর বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। সমাধিস্থল ধোয়ামোছার পাশাপাশি দর্শনার্থীদের জন্য পরিবেশ সুন্দর রাখার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।