জেলার রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে আজ মোটরসাইকেল ডাকাতিকালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরও ৫ ডাকাত পালিয়ে গেছে।
শনিবার সকালে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মন্ডল বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন।
এরআগে গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার গোনা মোড় নামক স্থানের ওই সড়কে ডাকাতি করার সময় জনগণের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের ফিরোজ মন্ডলের ছেলে সানা মন্ডল (২২) এবং একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে রাব্বি হাসান (১৯)।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বাসস’কে বলেন, গতকাল শুক্রবার রাতে গোনা এলাকার মাহবুব নামের এক মোটরসাইকেল আরোহী রাণীনগর-আত্রাইগামী আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছামাত্র পিছন থেকে তিনটি মোটরসাইকেলে ৮জন ডাকাত তাদের ধাওয়া করে। তবে মাহবুবের পিছনে বসে থাকা যাত্রীর চিৎকারে স্থানীয় জনগণের পাশাপাশি পুলিশ এগিয়ে এলেল তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে উপজেলার খট্রেশ্বর নামক জায়গা থেকে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় একজনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তার এ তিনজন একই মোটরসাইকেলে ছিল। আর দুই মোটরসাইকেল নিয়ে আরও ৫ ডাকাত পালিয়ে গেছে।
ওসি আরও বলেন, তারা মূলত ডাকাতি করার উদ্দেশ্যেই এসেছিল। চালক মাহবুবকে ধরতে পারলে হয়তো মারপিট করে তার মোটরসাইকেলটি ডাকাতি করে নিয়ে যেত। গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর পালিয়ে যাওয়া ৫ ডাকাতকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।