যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরাইল হামলা জোরদার করায়, দেশটির কেন্দ্রীয় ব্যাংক শনিবার নাবাতিয়েহ শহরে ব্যাংকটির একটি শাখায় চালানো ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে।
ব্যাংকটি এ হামলাকে ‘সরাসরি ও পরিকল্পিত’ আঘাত বলে অভিহিত করেছে।
এক বিবৃতিতে ব্যাংক জানায়, ‘ইসরাইলি বাহিনী নাবাতিয়েহে ব্যাংক অব লেবাননের একটি শাখাকে সরাসরি লক্ষ্যবস্তু করেছে।’
বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এটি ‘একটি সরকারি ভবনের বিরুদ্ধে ইচ্ছাকৃত হামলা’, যা লেবাননের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবিচ্ছেদ্য অংশ।
ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, হামলার সময় ভবনটি খালি ছিল। এতে শুধু স্থাপনার ক্ষতি হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বেসামরিক নাগরিক ও লেবাননের সরকারি প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার জানায়, ইসরাইল প্রায় ২০টি স্থানে বিমান হামলা চালিয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, নাবাতিয়েহ এলাকায় ১৬ জন নিহত হয়েছেন।