লা লিগার শিরোপা আগেই নিজেদের করে নিয়েছিল বার্সেলোনা। এবার দুর্দান্ত এক রেকর্ড গড়েছে কাতালানরা। রিয়াল মাদ্রিদের চার দশক পুরোনো এক ঐতিহাসিক রেকর্ড ভেঙে দিয়েছে তারা। লা লিগার চলতি মৌসুমের শেষ হোম ম্যাচে রিয়াল বেটিসকে হারিয়ে ঘরের মাঠে শতভাগ জয়ের এই অনন্য কীর্তি গড়লো কাতালান ক্লাবটি। রোববার (১৭ মে) ক্যাম্প ন্যু-তে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচে সফরকারীদের ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া এবং অন্য গোলটি আসে জোয়াও কানসেলোর পা থেকে। এই জয়ের সুবাদেই স্প্যানিশ ফুটবলের ইতিহাসে নিজেদের নাম নতুনভাবে খোদাই করলো বার্সা। ঘরের মাঠে এই জয়ের মাধ্যমে ২০২৫/২৬ মৌসুমের লা লিগায় নিজেদের সবকটি (১৯টি) হোম ম্যাচেই জয়ের অনন্য রেকর্ড গড়েছে তারা।
স্প্যানিশ টপ-ফ্লাইট ফুটবলে ৩৮ ম্যাচের ফরম্যাটে এর আগে কোনো দলই নিজেদের মাঠে সব ম্যাচ জেতার এই কীর্তি দেখাতে পারেনি। এর আগে ১৯৮৫-৮৬ মৌসুমে ১৮ দলের ফরম্যাটে (মোট ৩৪ ম্যাচ, ঘরের মাঠে ১৭ ম্যাচ) রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে সবকটি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল।