বলিউডে ফ্যাশনের নাম উঠলেই প্রথম সারিতে চলে আসে সোনাম কাপুরের নাম। বরাবরই ব্যতিক্রমী পোশাক, স্টাইল ও অভিজাত উপস্থাপনায় আলোচনায় থাকা এই অভিনেত্রী এবারও নজর কাড়লেন এক রাজকীয় লুকে। মরুভূমির ধূসর ও রুক্ষ পরিবেশের মাঝে সাদা অলঙ্কৃত শাড়িতে ধরা দিয়েছেন সোনম। পুরো লুকটিতে ছিল ঐতিহ্য, আধুনিকতা এবং রাজকীয় আভিজাত্যের অনন্য মিশেল। তপ্ত মরুভূমির আলোয় শাড়ির রূপালী নকশা ঝলমল করে এক স্বপ্নময় আবহ তৈরি করেছে, যা ফ্যাশনপ্রেমীদের চোখে আলাদা আবেদন তৈরি করেছে। এই সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল তার পাফ স্লিভ ও ব্যাকলেস ব্লাউজ। ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে আধুনিক কাটের এই ব্লাউজ পুরো লুককে দিয়েছে আন্তর্জাতিক ফ্যাশনের ছোঁয়া। আত্মবিশ্বাসী ভঙ্গি ও অভিব্যক্তিতে আরও ফুটে উঠেছে তার উপস্থিতির রাজকীয়তা।
লুকটিকে আরও সমৃদ্ধ করেছে তার বিলাসবহুল গয়না। হীরা ও পান্নাখচিত নেকলেস এবং একই নকশার দুল সাদা শাড়ির সঙ্গে তৈরি করেছে দৃষ্টিনন্দন বৈপরীত্য। সবুজ ও সাদার এই সংমিশ্রণ পুরো সাজে এনে দিয়েছে সতেজতা ও আভিজাত্যের ভারসাম্য। মেকআপেও ছিল পরিমিত সৌন্দর্যের ছাপ। হালকা ব্লাশ, ন্যুড টোনের লিপস্টিক এবং চোখের কোণে ছোট্ট মুক্তোর অলংকরণ তার চাহনিকে করেছে আরও মায়াবী। পেছনে টেনে বাঁধা খোপা ব্যাকলেস ডিজাইনটিকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।
ফ্যাশন বিশ্লেষকদের মতে, ট্র্যাডিশনাল ভারতীয় পোশাকের সঙ্গে আধুনিক পশ্চিমা উপাদান মিশিয়ে নিজস্ব স্টাইল তৈরি করার দক্ষতায় বরাবরই আলাদা সোনাম কাপুর। মরুভূমির পটভূমিতে তার এই সর্বশেষ লুকও সেই ধারাবাহিকতারই আরেকটি উদাহরণ হয়ে উঠেছে।