চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার নাগদা বড়বাড়ির সামনে মতলব-গৌরীপুর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম সাদিয়া আক্তার (২৫), তিনি উপজেলার ঘিলাতলী এলাকার ইসমাইল গাজীর স্ত্রী। এক স্বজনের মৃত্যুর খবর শুনে সাদিয়া তাঁর তিন স্বজনের সঙ্গে অটোরিকশায় করে ঘিলাতলী থেকে নাগদা এলাকায় যাচ্ছিলেন।
মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।