1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
গুলিস্তানে জাসদ কার্যালয়ে অভিযান: শতাধিক ব্যক্তি আটক দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা রাজনৈতিক সংকটে মমতা: শেষ পরিণতি কি ইন্দিরা গান্ধীর মতো? বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি সই শাহজালাল বিমানবন্দর দিয়ে ভারতে মাদক পাচারের রুট শনাক্ত আওয়ামী দোসরদের আটক করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট ও ভাঙচুর: গ্রেপ্তার ৪ থাইল্যান্ডে ভারী বর্ষণে বন্যা, ব্যাংককের ৫০ জেলায় জরুরি অবস্থা ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্ট এলাকায় ককটেল সদৃশ বস্তু উদ্ধার ইলিশ মাছের পুষ্টিগুণ ও খাওয়ার ক্ষেত্রে জরুরি সতর্কতা

দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার দেশে তৃতীয় ভাষা শিক্ষার প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে ম্যান্ডারিন, জাপানিজ, জার্মান, কোরিয়ান ও আরবিসহ বিভিন্ন বিদেশি ভাষা শেখানোর কার্যক্রম চালু করা হচ্ছে। এ বছরের ডিসেম্বরের মধ্যেই এই বিশেষায়িত কেন্দ্রগুলো যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ম্যান্ডারিন (চীনা), জাপানিজ, জার্মান, কোরিয়ান ও আরবি ভাষাসহ তৃতীয় ভাষা শিক্ষার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাই তৃতীয় ভাষা শিক্ষাকে কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধির বৃহত্তর কৌশলের অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

শনিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিপিসি ইউনান প্রাদেশিক কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য ঝাও জুনমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন জানান, বর্তমান বিশ্বব্যবস্থায় আন্তঃসংযুক্ত হওয়ার জন্য অতিরিক্ত একটি ভাষার জ্ঞান শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা ও কর্মসংস্থানের পথ প্রশস্ত করে। এ অবস্থায় অতিরিক্ত একটি ভাষার জ্ঞান শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত সুযোগ সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগে সক্ষম করে তুলতে পারে। নিজ নিজ বিষয়ে জ্ঞানের পাশাপাশি ভাষা ও আন্তঃসাংস্কৃতিক দক্ষতা থাকা স্নাতকদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রে কাজের সুযোগ তৈরি হতে পারে।

দেশের প্রতিটি বিভাগীয় অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। ইউজিসি সদস্য জানান, বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় শিক্ষণ উপকরণ নিশ্চিত করা হবে। বিশেষ করে ম্যান্ডারিন ভাষার ক্ষেত্রে চীনের দূতাবাসের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কনফুসিয়াস ইনস্টিটিউটের মতো কেন্দ্রগুলো শুধু ভাষা শিক্ষার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থী বিনিময়, বৃত্তি প্রদান, যৌথ একাডেমিক গবেষণা ও আন্তর্জাতিক অংশীদারিত্বের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

গবেষণা সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক মামুন বলেন, বাংলাদেশ ও চীনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কেবল ভাষা ও সংস্কৃতির বিনিময় নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, কৃষি, জলবায়ু পরিবর্তন, প্রকৌশল, জীবপ্রযুক্তি এবং জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও যৌথ গবেষণার সুযোগ তৈরি করা প্রয়োজন। এই উদ্যোগ বাংলাদেশকে উচ্চশিক্ষার একটি আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে।

তিনি আরও বলেন, ব্রেইন ড্রেইন কমিয়ে ব্রেইন সার্কুলেশনের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশি মেধাবী গবেষক ও পেশাজীবীদের দেশের উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত করা জরুরি। ভিজিটিং ফ্যাকাল্টি ও সামার স্কুলের মাধ্যমে আন্তর্জাতিক জ্ঞান নেটওয়ার্ককে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে দিতে হবে। এই কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে শিক্ষার সঙ্গে গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

ভাষা শিক্ষার মাধ্যমে একটি সমাজকে অন্য সমাজের প্রবেশদ্বারে পৌঁছানো সম্ভব বলে মনে করেন অধ্যাপক মামুন। তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন চীনা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জানবেন, তেমনি বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশের সমাজ ও কৃষ্টি সম্পর্কে জানার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক রুয়ান চাওছি, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun